University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

উপাচার্যের একান্ত প্রচেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংরক্ষণ বিধি-২০২৫ অনুমোদন

Published: 19-11-2026

latest news
বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৬।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত “পেনশন সংরক্ষণ বিধি-২০২৫”অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের একান্ত প্রচেষ্টা, আন্তরিক উদ্যোগ ও ধারাবাহিক তৎপরতার ফলে এ অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সংরক্ষণ বিধি-২০২৫’ অনুমোদিত হয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১০ নভেম্বর ২০২৬ তারিখের পত্রে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত পেনশন সংবিধির এক কপি পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং পেনশন-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এ অনুমোদন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। মাননীয় উপাচার্যের বিশেষ উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সন্তোষ ও স্বস্তি ফিরে এসেছে। এ অনুমোদন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)