বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের সমন্বিত ফিজিবিলিটি স্ট্যাডি শুরু
Published: 03-09-2026
বরিশাল বিশ্ববিদ্যালয়,৩ সেপ্টেম্বর ২০২৬খ্রি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে সমন্বিত ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অদ্য ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এর উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ এর মধ্যে এ প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্পের পরিচালক ড. হাফিজ আশরাফুল হক এবং শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ এর ম্যানেজার ও আর্কিটেক্টগণ উপস্থিত ছিলেন।
চুক্তি শেষে উপাচার্য মহোদয় এক প্রতিক্রিয়ায় বলেন, এ সমীক্ষার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পের জন্য বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে। এর ফলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার পথ সুগম হবে। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজের অগ্রগতি নিশ্চিত করতে অনুরোধ জানান।
এ প্রকল্পের আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, মাস্টার প্ল্যান ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নসহ বিভিন্ন ধরনের জরিপ ও ভৌত সমীক্ষা পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নকে অধিকতর পরিকল্পিত, টেকসই ও সময়োপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সম্ভাব্যতা যাচাই এ সমীক্ষার অন্যতম উদ্দেশ্য। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এ প্রকল্প বাস্তবায়ন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্পের কাজ ই-জিপির মাধ্যমে শেলটেক কনসালটেন্ট (প্রাইভেট) লিঃ কে প্রদান করা হয়েছে।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
