বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান সম্মেলন ২০২৬
Published: 23-08-2026
ববিতে অনুষ্ঠিত হয়েছে ‘১ম জাতীয় বিজ্ঞান সম্মেলন–২০২৬’। দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব। সম্মেলনে দেশের স্বনামধন্য ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পাশাপাশি ফিলিপাইন, বেলজিয়াম ও পাকিস্তান থেকেও অংশগ্রহণকারীরা অংশ নেন।
গতকাল শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ হলে এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের তিনটি পৃথক ভেন্যুতে একাধিক অধিবেশনের মাধ্যমে পরিচালিত হয়। এতে গবেষণাপত্র উপস্থাপন, মৌখিক উপস্থাপনা, পোস্টার উপস্থাপনা, সেমিনার, বিভিন্ন অধিবেশন এবং বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সম্মেলনের মৌখিক উপস্থাপনা পর্বে মোট ২৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি পোস্টার উপস্থাপনা পর্বে আরও ২৬টি গবেষণাপত্র প্রদর্শিত হয়। এসব উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়, গবেষণার ফলাফল ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরেন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও গবেষকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জামির হোসাইন এবং ট্রাস্ট ইউনিভার্সিটি বরিশাল এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. আবদুল কাদের আরাফিন। আরও উপস্থিত ছিলেন ববি বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী ড. মো খোরশেদ আলম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. ধীমান কুমার রায়, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, এবং সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম। সম্মেলনে সভাপতিত্ব করেন বরির বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল।
প্রধান অতিথির বক্তব্যে ববি উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন বলেন, "সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও আমাদের শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের এই ধরণের ভূমিকা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি যেমন আগ্রহী করবে একই সাথে গবেষণাধর্মী উচ্চ শিক্ষার পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখবে।"
বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. জামির হোসাইন বলেন, "এমন উদ্যোগ শিক্ষার মান বৃদ্ধি ও গবেষণার পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য একটি গবেষণাধর্মী ও উদ্ভাবনী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এক্ষেত্রে এই উদ্যোগগুলো নিশ্চয় সহায়তা করবে।"
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি জাতি গঠনের আলোকবর্তিকা হিসাবে কাজ করে । বিজ্ঞানচর্চা তখনই অর্থবহ হয়, যখন তা মানবিকতা ও নৈতিকতার সঙ্গে যুক্ত থাকে। আমাদের প্রয়োজন এমন বিজ্ঞানী, যারা জ্ঞানের পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নেবে।"
বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের চিফ অ্যাডভাইজার ড. খোরশেদ আলম বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এ ধরনের সুন্দর আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়াবে। এই উদ্যোগটি ছোট পরিসরে হলেও দেশের অনেকগুলো পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকগণ অংশগ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে গবেষণাধর্মী উচ্চ শিক্ষার মূল লক্ষ্য অর্জন বিজ্ঞানচর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সম্মেলনে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের সভাপতি নীতুন পাল বলেন, বিজ্ঞান ক্লাবের কার্যক্রম কেবল বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। তরুণদের মধ্যে প্রশ্ন করার সাহস, যুক্তিনির্ভর চিন্তাভাবনা, গবেষণার আগ্রহ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাও বিজ্ঞান ক্লাবের অন্যতম দায়িত্ব।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক ও শিক্ষার্থীদের নিজেদের গবেষণা উপস্থাপন, পারস্পরিক জ্ঞান বিনিময় এবং নতুন গবেষণার সুযোগ তৈরির উদ্দেশ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক আবু নছর মোঃ ত্বোহা বলেন, প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের বিজ্ঞান সম্মেলন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। তরুণদের গবেষণায় উৎসাহিত করা এবং তাদের জন্য জ্ঞান ও গবেষণা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।
দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও উপস্থাপনা শেষে শিক্ষার্থীদের গবেষণা ও উপস্থাপনার মূল্যায়নের ভিত্তিতে ‘সেরা উপস্থাপনা পুরস্কার’ প্রদান করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।
মো.ফয়সল মাহমুদ
উপপরিচালক (জনসংযোগ)
