University of Barishal

বরিশাল বিশ্ববিদ্যালয়

বিআরআরআইয়ের গবেষণালব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেমিনারের আয়োজন

Published: 03-11-2026

latest news


বরিশাল বিশ্ববিদ্যালয়, 

০৩ নভেম্বর ২০২৬ খ্রিঃ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘BRRI Black Rice: Integrating Anthocyanins, Nutrition and Gut Microbiome’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ববির প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের উদ্যোগে ৩ নভেম্বর ২০২৬ তারিখ (মঙ্গলবার) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্স রুমে  এ সেমিনার আয়োজন করা হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এসময় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) দেশের কৃষি গবেষণা, উন্নত ধানের জাত উদ্ভাবন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির গবেষণা ও উদ্ভাবন প্রশংসনীয়। তিনি আরো বলেন, আজকের সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। এ ধরনের গবেষণা শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জন ও গবেষণায় আগ্রহী করে তুলবে। তিনি শিক্ষার্থীদের সেমিনারে মনোযোগসহকারে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সেমিনার থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে। 

প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই), গাজীপুরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. হাবিবুল বারী সজিব। তিনি বিআরআরআই উদ্ভাবিত কালো ধানের পুষ্টিগত বৈশিষ্ট্য, এর উপাদানসমূহ এবং মানবদেহের অন্ত্রের অণুজীবের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


মো.ফয়সল মাহমুদ 

উপপরিচালক (জনসংযোগ)